ভোটার তালিকা থেকে ১.২০ কোটি নাম বাদ পড়ার আশঙ্কা মুখ্যমন্ত্রীর

বুধবার ভবানীপুরে জৈন সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার কারণে রাজ্যজুড়ে প্রায় এক কোটি ২০ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ যেতে পারে। বিষয়টি নিয়ে তিনি ইতিপূর্বেই সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন বলে জানান।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নিয়ম বহির্ভূতভাবে এবং ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র অজুহাতে বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তিনি স্পষ্ট জানান, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি বৈধ নাগরিকের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তিনি বদ্ধপরিকর। ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর কোনো অসঙ্গতি ধরা পড়লে তিনি কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, যাঁদের বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হবে, তিনি ব্যক্তিগতভাবে তাঁদের পাশে থাকবেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বেই ৪৩ হাজারের বেশি নাম বাদ যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া জৈন সম্প্রদায়ের মন্দির নির্মাণের আবেদন প্রসঙ্গে তিনি একটি ট্রাস্ট গঠনের পরামর্শ দেন, যাতে রাজ্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা করতে পারে।