ভোটার তালিকা থেকে ৩২৫ জনের নাম বাদ, উত্তাল কাকদ্বীপের রামগোপালপুর

ভোটার তালিকা থেকে ৩২৫ জনের নাম বাদ, উত্তাল কাকদ্বীপের রামগোপালপুর

কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতে ভোটার তালিকা থেকে কয়েকশ নাম বাদ পড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিশাই মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। চার বুথ মিলিয়ে মোট ৩৪৫ জনের মধ্যে ৩২৫ জনের নাম তালিকায় না থাকায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাঁদের দাবি, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও সুপরিকল্পিতভাবে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২১৯, ২১৫, ২২৩ ও ২২০ নম্বর বুথে সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী ও স্বাধীনতা সংগ্রামীর পরিবারও রয়েছে। সাপ্লিমেন্টারি তালিকায় নাম ওঠার অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত নিরাশ হতে হয়েছে তাঁদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে গ্রামবাসীরা তাঁদের ভোটাধিকার ফিরে পাওয়ার দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। তৃণমূল ও কংগ্রেস প্রার্থীরা নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। অন্যদিকে, বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা এবং তারা শুধুমাত্র বৈধ ভোটারদের অধিকার রক্ষার পক্ষে। সব মিলিয়ে নির্বাচন আবহে রামগোপালপুরের এই বিক্ষোভ প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *