ভোটার তালিকা বিভ্রাটে উত্তাল মালদহ ও উত্তর দিনাজপুর, মোথাবাড়িতে অপহৃত ৭ বিচারক উদ্ধার

ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়ার অভিযোগে বুধবার রণক্ষেত্রের চেহারা নেয় মালদহ ও উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা। মোথাবাড়িতে এদিন দুপুরে সাতজন বিচারককে ঘেরাও করে রাখে উত্তেজিত জনতা, যাদের মধ্যে তিনজন মহিলা ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে জেলাশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে ঘেরাওমুক্ত করে বিচারকদের। স্থানীয়রা গুলি চালানোর অভিযোগ করলেও প্রশাসন তা অস্বীকার করেছে।
এই ইস্যুকে কেন্দ্র করে কালিয়াচক-১ ব্লক দপ্তরে ধরনায় বসেন বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সুজাপুরে ১২ নম্বর জাতীয় সড়ক ও মানিকচকের রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ চলে। সাবিনা ইয়াসমিনের অভিযোগ, সংখ্যালঘু প্রধান বুথগুলি থেকে অযৌক্তিকভাবে শত শত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে ইংলিশবাজারের অমৃতি ও কাজিগ্রাম পঞ্চায়েত এলাকাতেও। ‘আগে ভোটার, তারপর ভোট’ স্লোগান তুলে বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেয় ক্ষুব্ধ বাসিন্দারা। হরিশ্চন্দ্রপুর এবং হেমতাবাদেও ডিলিটেড ভোটাররা একইভাবে পথ অবরোধে শামিল হন। পুলিশের পক্ষ থেকে অবরোধ সরানোর চেষ্টা করা হলেও দিনভর তীব্র যানজটে নাকাল হতে হয় সাধারণ মানুষকে।