ভোটার তালিকা সংশোধনে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে ২০০ বিচারক চাইল কলকাতা হাইকোর্ট

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার জন্য ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে ১০০ জন করে মোট ২০০ জন বিচারক চেয়েছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল নির্বাচন কমিশন, রাজ্য পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও মুখ্য নির্বাচনী আধিকারিকসহ অন্যান্য কর্মকর্তারা।
আদালত জানিয়েছে, রাজ্যে ইতিমধ্যে ৫৩২ জন বিচারককে এই কাজে নিযুক্ত করা হয়েছে এবং ২৭৩ জন কাজ শুরু করেছেন। তবে কাজের পরিধি বিবেচনা করে আরও আধিকারিক প্রয়োজন হওয়ায় প্রতিবেশী দুই রাজ্যের উত্তরের অপেক্ষায় রয়েছে হাইকোর্ট। আগামী ৯ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত বিচারবিভাগীয় আধিকারিকের ছুটি বাতিল করা হয়েছে। বিচারকদের প্রতিদিনের কাজের রিপোর্ট নিয়মিত হাইকোর্টে জমা দেবে কমিশন।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশনকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জমা পড়া সমস্ত নথিপত্র বিচারবিভাগীয় আধিকারিকদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে আরও অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে। মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও এই যাচাই প্রক্রিয়া এবং তালিকা প্রকাশের সুযোগ থাকবে বলে বৈঠকে জানানো হয়েছে।