ভোটার তালিকা সংশোধন ট্রাইব্যুনালের শুনানিতে আবেদনকারীদের উপস্থিতির দাবিতে হাইকোর্টে তৃণমূল

নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর এসআইআর যাচাই প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ যাচ্ছে, তাঁদের সুবিধার্থে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকে ফের চিঠি দিল তৃণমূল কংগ্রেস। ট্রাইব্যুনাল সংক্রান্ত একাধিক বিষয় বিবেচনার অনুরোধ জানিয়ে এই চিঠিতে দাবি করা হয়েছে যে, শুনানির সময় আবেদনকারী বা তাঁদের প্রতিনিধিদের সশরীরে অথবা ভার্চুয়ালি উপস্থিত থাকার অনুমতি দেওয়া হোক। সুষ্ঠু আপিল ব্যবস্থার স্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছে শাসক দল।
চিঠিতে তৃণমূল আবেদন জানিয়েছে, বিচারবিভাগীয় আধিকারিকরা কোনো নাম বাদ দিলে তার সুনির্দিষ্ট কারণ সংশ্লিষ্ট ভোটারকে জানাতে হবে। এর পাশাপাশি অফলাইন আবেদন প্রক্রিয়া দ্রুত চালু করার বিজ্ঞপ্তি জারি এবং ডিএম বা এসডিও-র পাশাপাশি বিডিও কার্যালয়েও আবেদন গ্রহণের দাবি তোলা হয়েছে। অফলাইনে আবেদন জমা দেওয়ার পর যথাযথ রসিদ প্রদান এবং শুনানির তারিখ আগে থেকে জানিয়ে দেওয়ার বিষয়েও প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্টও ট্রাইব্যুনাল প্রসঙ্গে জানিয়েছে যে, প্রাক্তন বিচারপতিদের অনলাইন ও অফলাইন আপিল প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। শীর্ষ আদালত স্পষ্ট করেছে, ট্রাইব্যুনালগুলি যেন বিচারবিভাগীয় আধিকারিকদের দেওয়া সম্পূর্ণ রিপোর্ট খতিয়ে দেখে মামলার নিষ্পত্তি করে। এই আবহে তৃণমূলের দাবি, আপিল প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করতে বিএলএ-দের যুক্ত করা এবং কমিশনের পোর্টালে আবেদনের সুযোগ রাখা হোক।