ভোটার তালিকা সংশোধন: সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তিতে রাজ্য প্রশাসন

ভোটার তালিকা সংশোধন: সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তিতে রাজ্য প্রশাসন

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি চাইলে ৫০ লক্ষেরও বেশি অভিযোগ খতিয়ে দেখতে অতিরিক্ত বিচারক নিয়োগ করতে পারবেন। প্রয়োজনে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশা থেকেও বিচারবিভাগীয় অফিসার আনা যাবে। রাজ্য সরকার এই নির্দেশকে স্বাগত জানিয়ে বলেছে, এতে যোগ্য ভোটারদের অধিকার সুরক্ষিত হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী, গত ১৪ ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া সমস্ত অনলাইন ও অফলাইন নথি বিবেচনা করতে হবে। টেকনিক্যাল সমস্যার কারণে পোর্টালে তথ্য আপলোড না হলেও, সংশ্লিষ্ট অফিসারদের শংসাপত্রই চূড়ান্ত বলে গণ্য হবে। এছাড়া, পরিচয়পত্র হিসেবে নির্বাচন কমিশনের নির্ধারিত ১২টি নথির পাশাপাশি আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণ করার নির্দেশ দিয়েছে আদালত।

আগামী ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীকালে প্রকাশিত সম্পূরক বা সাপ্লিমেন্টারি তালিকাকেও চূড়ান্ত তালিকার অংশ হিসেবেই ধরা হবে। সংবিধানের ১৪২ নম্বর ধারা প্রয়োগ করে শীর্ষ আদালত স্পষ্ট করেছে যে, প্রযুক্তিগত বা প্রশাসনিক জটিলতার কারণে কোনো যোগ্য ভোটার যেন তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *