ভোটের অতিরিক্ত তালিকায় ২৯ লক্ষ নামের নিষ্পত্তি, আজ রাতেই প্রথম প্রকাশ

ভোটের অতিরিক্ত তালিকায় ২৯ লক্ষ নামের নিষ্পত্তি, আজ রাতেই প্রথম প্রকাশ

রাজ্যের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে তৎপরতা তুঙ্গে। সোমবার রাত ৯টার পর কমিশনের ওয়েবসাইটে প্রথম দফার তালিকা প্রকাশিত হতে চলেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত প্রায় ২৯ লক্ষ নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তবে সার্ভার দিল্লিতে থাকায় কতগুলো নাম শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ গিয়েছে, সে বিষয়ে কমিশন নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

তালিকায় নামভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে ৭০৫ জন বিচারক নিরলস কাজ করছেন। কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ইতিমধ্যে কাজ শেষ হয়েছে। তবে অর্ধেকের বেশি নামে এখনও ‘ই-সাইন’ না আসায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম তালিকায় যে নামগুলো ই-সাইন হয়ে আসবে, শুধুমাত্র সেগুলোই জনসমক্ষে প্রকাশ করা হবে।

যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়বে, তাঁদের আইনি প্রতিকারের জন্য প্রতিটি জেলায় ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। এই লক্ষ্যে প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করতে মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম-সহ ১৯ জন প্রাক্তন বিচারপতির সমন্বয়ে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। ধাপে ধাপে ৬০ লক্ষ নামের নিষ্পত্তি শেষ হলেই এই ট্রাইব্যুনাল পুরোদমে কাজ শুরু করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *