ভোটের অধিকার রক্ষার লড়াইয়ে মমতাকে ধরনা তোলার অনুরোধ অভিষেকের

ভোটের অধিকার রক্ষার লড়াইয়ে মমতাকে ধরনা তোলার অনুরোধ অভিষেকের

ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে ধর্মতলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বিক্ষোভ চতুর্থ দিনে পড়ল। এসআইআর-ভুক্ত ভোটারদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে অনড় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, ৬০ লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই লড়াই জারি থাকবে। তবে দীর্ঘক্ষণ রাজপথে থাকায় দলনেত্রীর স্বাস্থ্যের অবনতি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

সোমবার ধরনামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে শরীর ঠিক রাখার স্বার্থে ধরনা তুলে নেওয়ার বিনীত অনুরোধ জানান। তিনি বলেন, রাজ্যের মানুষের স্বার্থে লড়তে গেলে নেত্রীর সুস্থ থাকা জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে দলের ছাত্র ও যুব সংগঠন এই আন্দোলনের ব্যাটন হাতে তুলে নেবে বলে তিনি আশ্বস্ত করেন। এর মাধ্যমেই ইঙ্গিত মিলেছে যে, নেত্রীর পরিবর্তে এবার আন্দোলনের সামনের সারিতে থাকবেন দলের তরুণ তুর্কিরা।

অভিষেকের এই বার্তার পরেই দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার সকাল থেকে ধরনামঞ্চে জমায়েতের নির্দেশিকা জারি করা হয়েছে। দলীয় সূত্রে খবর, জননেত্রীর গণতান্ত্রিক সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে ছাত্র-যুব নেতৃত্ব এখন থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়সূচি মেনে আন্দোলনে শামিল হবেন। অভিভাবক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি কাম্য হলেও, তাঁর শারীরিক সুস্থতা বজায় রেখে লড়াই চালিয়ে যাওয়াই এখন ঘাসফুল শিবিরের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *