ভোটের আগে কড়া হুঁশিয়ারি: আজকের মধ্যেই সব বেআইনি অস্ত্র ও মদ উদ্ধারের নির্দেশ কমিশনের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষায় জেলাশাসক ও পুলিশ সুপারদের কড়া বার্তা দিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবারের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানান, আজকের রাতের মধ্যেই সমস্ত বেআইনি অস্ত্র, বোমা, নগদ টাকা এবং মদের কারবার নির্মূল করতে হবে। কোনো কাজই আগামীকালের জন্য ফেলে রাখা যাবে না বলে তিনি সাফ হুঁশিয়ারি দিয়েছেন।
নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, ভোট পরবর্তী বা প্রাক-ভোট হিংসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এসআইআর প্রক্রিয়া নিয়ে অশান্তি এবং রাজনৈতিক দলগুলোর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার অফিসারদের দায়বদ্ধতা নিশ্চিত করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সরাসরি দায়িত্বরত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কমিশনার।
বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এডিজি (আইনশৃঙ্খলা)-সহ প্রশাসনের শীর্ষ কর্তাদের একাংশকে ভর্ৎসনা করে কমিশন। মাদক বিরোধী আইন (PITNDPS) প্রয়োগে খামতি এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়। স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনে ‘শঠে শাঠ্যং’ নীতি গ্রহণের ইঙ্গিত দিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।