ভোটের আগে কলকাতায় কড়া নজরদারি: শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর নতুন পুলিশ কমিশনার

রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অজয় কুমার নন্দ। মঙ্গলবার দায়িত্ব নিয়েই তিনি স্পষ্ট জানান, আসন্ন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই তাঁর প্রধান লক্ষ্য। প্রশাসনিক রদবদলের পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আশ্বস্ত করেন যে, মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনী ইতিমধ্যে ময়দানে নেমে কাজ শুরু করে দিয়েছে।
সম্প্রতি গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনা প্রসঙ্গে কমিশনার জানান, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ সক্ষম এবং ঘটনার তদন্ত চলছে। সেই সময় ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী কেন ছিল না, সেই প্রশ্নের উত্তরে তিনি জানান যে বাহিনী তখন নিকটবর্তী অবস্থানে ছিল না। বর্তমানে শহরে ৩০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নির্বাচন চলাকালীন অস্ত্র উদ্ধার, দেওয়াল লিখন নিয়ে বিবাদ এবং সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো রুখতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট আধিকারিকরা সামাজিক মাধ্যমে সার্বক্ষণিক নজর রাখবেন এবং কোনো অভিযোগ পেলে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ প্রশাসন সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে বলে অজয় নন্দ দাবি করেন।