ভোটের আগে কলকাতা পুলিশে বড় রদবদল, ৬ থানার ওসি বদলি নিয়ে লালবাজারের নয়া নির্দেশিকা

রাজ্যে ভোটের আবহে কলকাতা পুলিশে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। ভবানীপুরে সাম্প্রতিক অশান্তির ঘটনার রেশ কাটতে না কাটতেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বা ওসি-দের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। লালবাজারের পক্ষ থেকে কমিশনারের ১৮১ ও ১৮২ নম্বর অর্ডার জারি করে ইন্সপেক্টর পদমর্যাদার বেশ কিছু আধিকারিককে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে। মূলত আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই কমিশনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, পার্ক স্ট্রিট থানার ওসি হীরক দলপতিকে লালবাজারের গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় পার্ক স্ট্রিট থানার নতুন দায়িত্ব পাচ্ছেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের নীলকান্ত রায়। একইভাবে বিজয়গঞ্জ বাজার থানার ওসি অংশুমান রায়কেও গোয়েন্দা বিভাগে পাঠানো হয়েছে এবং সেই পদের দায়িত্ব পেয়েছেন এন্টালি থানার অতিরিক্ত ওসি মনীশ সিংহ। অন্যদিকে, চেতলা থানার ওসি অমিতাভ সরকারকে এসটিএফ-এ পাঠানো হয়েছে এবং তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মনোজ দত্ত।
শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি রাজ কুমার মিশ্রকে সরিয়ে গড়িহাট থানার দায়িত্ব দেওয়া হয়েছে। রদবদল ঘটেছে হেয়ার স্ট্রিট ও ঠাকুরপুকুর থানার ক্ষেত্রেও; এই দুই থানার বর্তমান ওসি লোপসাং তশেরিং ভুটিয়া এবং রাজীব সাহুর মধ্যে পারস্পরিক বদলি কার্যকর করা হয়েছে। উল্লেখ্য, গত ২৯ মার্চের আদেশেও কিছু আংশিক পরিবর্তন ও সংশোধন এনেছে লালবাজার। প্রশাসনিক এই রদবদলের ফলে ভোটের আগে শহরের পুলিশি কাঠামোয় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
প্রসঙ্গগত, ভবানীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত রোড শো ঘিরে অশান্তির ঘটনায় নির্বাচন কমিশন কড়া অবস্থান নিয়েছিল। মুখ্যসচিবকে চিঠি দেওয়ার পাশাপাশি ইতিপূর্বে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ডও করা হয়। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এবার ৬টি থানার শীর্ষ স্তরে বদলি সম্পন্ন করল প্রশাসন। নির্বাচন কমিশনের এই কড়া পদক্ষেপের ফলে ভোটমুখী কলকাতায় পুলিশের দায়বদ্ধতা এবং প্রশাসনিক তৎপরতা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।