ভোটের আগে দাগি নেতাদের নিরাপত্তা প্রত্যাহার: রাজ্য পুলিশের কাছে রিপোর্ট চাইল কমিশন

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। অপরাধমূলক ইতিহাস থাকা বা জামিন ও প্যারোলে থাকা ব্যক্তিদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ কতটা কার্যকর হয়েছে, তা জানতে রাজ্য পুলিশের কাছে বিস্তারিত ‘স্টেটাস রিপোর্ট’ তলব করা হয়েছে। নোডাল অফিসারকে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই তথ্য জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে কমিশন।
গত বৃহস্পতিবার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে কমিশন স্পষ্ট জানিয়েছিল, অপ্রয়োজনীয় নিরাপত্তা অবিলম্বে সরিয়ে নিতে হবে। একইসঙ্গে জামিনঅযোগ্য পরোয়ানা থাকা ব্যক্তিদের নিরাপত্তা বাতিল করে আগামী ১০ দিনের মধ্যে তাঁদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পদমর্যাদা বা হুমকির নিরিখে যাঁরা সুরক্ষার যোগ্য নন, তাঁদের তালিকাও পুনরায় যাচাই করতে বলা হয়েছে।
নির্বাচনী অশান্তি রুখতে ইতিমধ্যে রাজ্যজুড়ে স্পর্শকাতর এলাকা এবং নির্বাচনী অপরাধে যুক্ত দুষ্কৃতীদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। থানার ওসিদের মাধ্যমে এই প্রক্রিয়া তদারকি করছে কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রশাসনিক স্তরে কমিশনের এই কঠোর অবস্থান ও ধারাবাহিক নজরদারি রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।