ভোটের আগে নেতাজিনগরে গাড়ি থেকে উদ্ধার ৩৮ লক্ষ টাকা, ঘনীভূত হচ্ছে হাওলা চক্রের রহস্য

নির্বাচন উপলক্ষে নাকা তল্লাশি চলাকালীন কলকাতার নেতাজিনগর এলাকায় একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এনএসসি বোস রোডে তল্লাশির সময় সন্দেহভাজন ওই গাড়িটিকে আটক করা হলে সেখান থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা উদ্ধার হয়। গাড়ির চালক এই বিপুল পরিমাণ অর্থের কোনো বৈধ নথি দেখাতে না পারায় পুরো টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, উদ্ধার হওয়া এই অর্থ আলিপুর থেকে সংগ্রহ করা হয়েছিল এবং তা শহরের এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। তদন্তকারীদের ধারণা, এই লেনদেনের নেপথ্যে কোনো বড় হাওলা চক্র সক্রিয় রয়েছে। মাঝরাস্তায় টাকার হাতবদল হওয়ার পরিকল্পনা ছিল বলেও গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
ঘটনাটি নিয়ে ইতিমাজেই আয়কর দপ্তরকে অবহিত করা হয়েছে এবং তারা টাকার প্রকৃত উৎস খতিয়ে দেখছে। নির্বাচনের মুখে ভিন রাজ্য থেকে অবৈধ অর্থ প্রবেশের আশঙ্কায় শহরজুড়ে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। আয়কর আধিকারিকরা খুব শীঘ্রই টাকার মালিককে তলব করে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে।