ভোটের আগে পুলিশের ওপর নজিরবিহীন খাঁড়া ঝোলাল নির্বাচন কমিশন

আগামী নির্বাচনকে সম্পূর্ণ হিংসামুক্ত ও শান্তিপূর্ণ করতে রাজ্য পুলিশের ওপর চাপ বাড়াল নির্বাচন কমিশন। বাসন্তী থানার আইসি-কে সরিয়ে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এবার ওসি থেকে ডিএসপি পদমর্যাদার আধিকারিকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের শিথিলতা বা গাফিলতি বরদাস্ত করা হবে না। মূলত অপরাধীদের দমনে ১০ দিনের মধ্যে সমস্ত জামিন অযোগ্য ওয়ারেন্ট কার্যকর করা এবং পলাতক আসামিদের তালিকা প্রস্তুত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শান্তি বজায় রাখতে রাজনৈতিক সংঘর্ষের ইতিহাস খতিয়ে দেখে দুষ্কৃতীদের বিরুদ্ধে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে কমিশন। একইসঙ্গে হোটেল, লজ ও ধর্মশালায় নিয়মিত তল্লাশি চালানোর পাশাপাশি আন্তঃজেলা সীমানায় ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি ও নাকা চেকিং নিশ্চিত করতে বলা হয়েছে। অবৈধ মদ ও বেআইনি কার্যকলাপ রুখতে গোয়েন্দা তথ্য আদানপ্রদান এবং স্পর্শকাতর এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করে চার্জশিট জমা দেওয়ার মাধ্যমে আইনি তৎপরতা বাড়ানোর বার্তাও দিয়েছে কমিশন।