ভোটের আগে বঙ্গে মোদির তুরুপের তাস নারী শক্তি, মহিলা সংরক্ষণ নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভোটের আগে বঙ্গে মোদির তুরুপের তাস নারী শক্তি, মহিলা সংরক্ষণ নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কোচবিহারের জনসভা থেকে মহিলা ভোটারদের মন জয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি কার্যকর করার ওপর বিশেষ জোর দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকেই যাতে দেশের মা-বোনেরা এই আইনের সুবিধা পান, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। এই লক্ষ্যেই আগামী ১৬ থেকে ১৮ এপ্রিল সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কোচবিহারের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে ‘শক্তিপুজোর ভূমি’ হিসেবে অভিহিত করে নারী ক্ষমতায়নের ডাক দেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ৪০ বছর ধরে মহিলাদের এই অধিকার আটকে রাখা হয়েছিল। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রকৃত নারী সুরক্ষা ও সমৃদ্ধি নিশ্চিত হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির কারণে দেশের মহিলাদের প্রথম পছন্দ এখন বিজেপি। একইসঙ্গে তিনি বর্তমান রাজ্য সরকারের আমলে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পরিবর্তনের আহ্বান জানান।

পাল্টা জবাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নিরাপত্তার কঙ্কালসার দশা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের উদাহরণ টেনে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন। তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যে মেয়েরা সন্ধের পর বেরোতে ভয় পায় এবং সেখানে অপরাধীদের দাপট অব্যাহত। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা, যার সংখ্যা ৩ কোটি ৭৩ লক্ষের বেশি। এই বিশাল ভোটব্যাঙ্ক শেষ পর্যন্ত কোন দিকে ঝুঁকে পড়ে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *