ভোটের আগে মালদহে নজিরবিহীন নিরাপত্তা, এবার গাড়িতে বসানো সিসিটিভি ক্যামেরায় চলবে কড়া নজরদারি

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদহ জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল প্রশাসন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার স্ট্যাটিক সার্ভেল্যান্স টিম (এসএসটি) এবং নির্বাচনী আধিকারিকদের গাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার জেলা প্রশাসনিক ভবন চত্বরে মানিকচক ও কালিয়াচক ৩ নম্বর ব্লকের দায়িত্বে থাকা বিশেষ নজরদারি টিমের গাড়িতে এই ক্যামেরাগুলি স্থাপন করা হয়। এর মাধ্যমে সরাসরি ব্লক অফিস ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখতে পারবেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং যেকোনো ধরনের অসামাজিক কার্যকলাপ রুখতেই প্রশাসনের এই অভিনব উদ্যোগ। আন্তঃরাজ্য সীমান্ত ও গুরুত্বপূর্ণ সড়কপথগুলোতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এই বিশেষ গাড়িগুলো নাকা চেকিংয়ে ব্যবহৃত হবে। কালিয়াচক ৩ নম্বর ব্লকের এক্সিকিউটিভ আধিকারিক অরিন্দম দাস জানান, সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার স্বার্থেই নাকা পয়েন্টগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জেলা প্রশাসনের এই তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তা নিয়ে আস্থা বাড়বে বলে মনে করা হচ্ছে।