ভোটের আগে মালদায় পুলিশের মাস্টারস্ট্রোক, বিহার থেকে বাংলায় অস্ত্র ঢোকার মুখেই গ্রেফতার ৫

নির্বাচনের আগে বাংলায় বড়সড় নাশকতার ছক বানচাল করল মালদা জেলা পুলিশ। বিহার থেকে সীমান্ত পেরিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকার পথেই হাতেনাতে ধরা পড়ল পাঁচ দুর্ধর্ষ অস্ত্র কারবারি। উদ্ধার হয়েছে অত্যাধুনিক ৭ এমএম পিস্তলসহ কার্তুজ ও একাধিক ওয়ান শাটার।
গোপন সূত্রে খবর পেয়ে চাঁচলের নল কুঠিয়া সীমান্ত এলাকায় জাল বিছিয়েছিল পুলিশ। নাকা চেকিং চলাকালীন বিহারের কাটিহারের বাসিন্দা অমিত কুমার সাহা, গণেশ মহালদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মঙ্গলবারই মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ভোটের আবহে রাজ্যে অশান্তি ছড়াতেই এই বিপুল পরিমাণ অস্ত্র আনা হচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং স্পষ্ট জানিয়েছেন, নির্বাচনের আগে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে যাতে কোনোভাবেই বেআইনি অস্ত্রের প্রবেশ না ঘটে।
বিগত কয়েক মাসে কলকাতা পুলিশের এসটিএফ-ও ভিন রাজ্য থেকে আসা একাধিক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। এমনকি সম্প্রতি প্রাক্তন এক বিধায়কের গাড়ি থেকেও অস্ত্র উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছিল। সব মিলিয়ে ভোটের আগে রাজ্যজুড়ে পুলিশের এই সাঁড়াশি অভিযানে রীতিমতো কোণঠাসা অস্ত্র মাফিয়ারা।