ভোটের আগে রাজ্যে কমিশনের বিশেষ প্রতিনিধি দল, নজর ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের দিকে

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে দুই দফায় এই পর্যালোচনা সভায় উপস্থিত থাকবেন রাজ্য ও কেন্দ্রের ২৪টি তদন্তকারী সংস্থার শীর্ষ কর্তারা। এছাড়া জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। মূলত নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই এই বৈঠকের মূল লক্ষ্য।
আগামী রবিবার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল কলকাতায় আসছে। এর পরদিন ৯ মার্চ আসবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রতিনিধি দলটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বিশেষ নজর থাকবে রাজ্যের প্রায় ৬০ লক্ষ বিচারাধীন ভোটারদের ইস্যুর ওপর, যার মধ্যে বুধবার পর্যন্ত মাত্র সাড়ে ৪ লক্ষের সমাধান মিলেছে।
আগামী ১০ মার্চ সুপ্রিম কোর্টে বিচারাধীন ভোটার সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সবার ভোটাধিকার বজায় রেখে নির্বাচন করা সম্ভব কি না, সেই বিষয়টিই এখন বড় চ্যালেঞ্জ। কমিশনের ফুল বেঞ্চ রাজনৈতিক দল ও নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ১৫ বা ১৬ মার্চ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে বলে রাজনৈতিক মহলে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।