ভোটের আগে শিয়ালদহ স্টেশনে বড় সাফল্য আরপিএফের বাজেয়াপ্ত ২ কোটি টাকার পোস্ত

ভোটের আগে শিয়ালদহ স্টেশনে বড় সাফল্য আরপিএফের বাজেয়াপ্ত ২ কোটি টাকার পোস্ত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হতেই নজরদারি তুঙ্গে তুলেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)। বেআইনি কারবার রুখতে স্টেশন ও ট্রেনগুলোতে দফায় দফায় তল্লাশি চালানো হচ্ছে। এই ধারাবাহিক অভিযানে শিয়ালদহ স্টেশন থেকে বিপুল পরিমাণ পোস্তদানা উদ্ধার করে বড়সড় সাফল্য পেলেন আরপিএফ জওয়ানরা। উদ্ধার হওয়া ১৪,৫৪৮ কেজি ওজনের মোট ২৫৮ বস্তা পোস্তর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১৮ লক্ষ ২২ হাজার ৬০০ টাকা। বাজেয়াপ্ত এই সামগ্রী পরবর্তী পদক্ষেপের জন্য শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

শিয়ালদহ ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। ডালখোলা রেলস্টেশনে আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস থেকে প্রায় ৪৫.৮ কেজি গাঁজা উদ্ধার করেছে আরপিএফের অ্যান্টি-ড্রাগিং টিম, যার বাজারমূল্য ২২ লক্ষ ৯০ হাজার টাকা। অন্যদিকে, কাটিহার রেলস্টেশনের পূর্ব প্রান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এই মাদকের আনুমানিক মূল্য ১১ লক্ষ ২৫ হাজার টাকা বলে রেল সূত্রে খবর।

নির্বাচনের মুখে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে আরপিএফের এই সক্রিয়তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রেলওয়ে সুরক্ষা বাহিনী জানিয়েছে, ট্রেন বা স্টেশন চত্বর ব্যবহার করে কোনোভাবেই যাতে বেআইনি পণ্য পাচার না হতে পারে, তার জন্য কড়া নজরদারি অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া সমস্ত মাদক ও সামগ্রী ইতিপূর্বেই জিআরপিএস এবং সংশ্লিষ্ট দপ্তরের হাতে হস্তান্তর করা হয়েছে। পাচারচক্রের মূল পান্ডাদের খোঁজে তল্লাশি জারি রেখেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *