ভোটের আগে সুপ্রিম নির্দেশে চালু থাকছে ট্রাইবুনাল, তালিকায় বাদ পড়াদের ভাগ্য এখনও অনিশ্চিত

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া কয়েক লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে সোমবারও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, ১৯টি ট্রাইবুনাল শেষ আবেদনের নিষ্পত্তি হওয়া পর্যন্ত তাদের কাজ চালিয়ে যাবে। আদালত জানিয়েছে, নাগরিকদের ‘ন্যাচারাল জাস্টিস’ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তবে ট্রাইবুনাল কাউকে বৈধ ভোটার ঘোষণা করলেও চলতি নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কি না, সেই ধোঁয়াশা কাটেনি।
নির্বাচন কমিশন সোমবার রাতেই সম্পূরক তালিকা প্রকাশের আশ্বাস দিলেও সুপ্রিম কোর্ট কমিশনের ক্ষমতা কার্যত খর্ব করে ট্রাইবুনালকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছে। রাজ্য সরকারের আইনজীবীরা ১৮ এপ্রিল পর্যন্ত নাম অন্তর্ভুক্তির দাবি জানালেও আদালত পর্যবেক্ষণ করেছে যে, অল্প সময়ে বিপুল সংখ্যক ভোটারের তথ্য যাচাই করা প্রায় আসাম্ভব। নির্বাচন কমিশন ও কেন্দ্রের সলিসিটর জেনারেলের বক্তব্যেও স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, নিয়ম পরিবর্তনের সুযোগ কম থাকায় বাদ পড়া ভোটারদের ভোটাধিকার প্রয়োগ এবার অনিশ্চিত।
বিচারপ্রক্রিয়া দ্রুত করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তিন সদস্যের কমিটি গড়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ভোটাররা এখন অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই আবেদন করতে পারবেন এবং প্রতিটি আবেদনের রসিদ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। নন্দলাল বসুর পরিবারের মতো বিশিষ্ট ব্যক্তিদের নাম বাদ যাওয়ার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখবে ট্রাইবুনাল। আগামী ১৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। বর্তমানে ট্রাইবুনালের সঙ্গে সমন্বয় রাখতে রাজ্যে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে।