ভোটের আবহে পোলবায় দুঃসাহসিক চুরি: সর্বস্ব খুইয়ে দিশেহারা প্রবাসী পরিবার

ভোটের উন্মাদনার মাঝেই হুগলির পোলবা সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অমরপুর গ্রামে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বিহারের বাসিন্দা রাম নরেশ রায় দীর্ঘদিন ধরে এখানে সপরিবারে বসবাস করেন। গত ২৯ মার্চ তাঁরা বিহারের গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে দুষ্কৃতীরা ফাঁকা বাড়িতে হানা দিয়ে লুটপাট চালায় বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
আজ সকালে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখেন সদর দরজার তালা ভাঙা এবং ঘরের ভেতরে আলমারির লকার ভেঙে সব কিছু তছনছ করা হয়েছে। গৃহকর্তার ছেলে ধীরাজ কুমার রায় জানান, আলমারিতে থাকা সোনা ও রুপোর গয়না সহ প্রচুর নগদ টাকা চুরি গিয়েছে। মূল্যবান নেকলেস ও হার সহ ব্যক্তিগত সঞ্চয় হারিয়ে পরিবারটি এখন সম্পূর্ণ দিশেহারা।
ঘটনার খবর পেয়ে পোলবা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনার পেছনে পরিচিত কেউ জড়িত রয়েছে কিনা। চুরির এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।