ভোটের খরচে জনতার দানই ভরসা, চোপড়ায় ঝুলি হাতে প্রচার বাম প্রার্থীর

চোপড়া বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মকলেশ্বর রহমান নির্বাচনি প্রচারে এক অভিনব কৌশল গ্রহণ করেছেন। সাধারণ ভোটারদের কাছে কেবল ভোট প্রার্থনাই নয়, বরং নির্বাচনের খরচ জোগাতে আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছেন তিনি। হাট-বাজার থেকে গ্রামগঞ্জের অলিগলি সর্বত্রই দলীয় কর্মীদের নিয়ে ঘুরছেন তিনি। সাধারণ মানুষও সাধ্যমতো ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত অনুদান হাসিমুখে তুলে দিচ্ছেন প্রার্থীর হাতে।
শুক্রবার কালীগঞ্জ এলাকায় প্রচারের সময় মকলেশ্বর রহমান তৃণমূল ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন, বামপন্থীরা বড় পুঁজিপতিদের ওপর নির্ভরশীল নয়, বরং সাধারণ মানুষের শ্রমের পয়সাতেই রাজনীতি করে। দলের এরিয়া কমিটির সদস্য আনসারুল হক জানান, ইলেকট্রোরাল বন্ডের পরিবর্তে জনগণের ক্ষুদ্র অনুদানই তাদের প্রধান শক্তি। তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মানুষ বিকল্প খুঁজছে বলে তিনি আশাপ্রকাশ করেন।
অন্যদিকে, বামেদের এই অর্থ সংগ্রহের প্রচারকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছে প্রতিপক্ষ শিবির। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ধরনের কৌশল ভোটে কোনো প্রভাব ফেলবে না এবং চোপড়ায় তৃণমূলের জয় নিশ্চিত। একইভাবে বিজেপি নেতৃত্ব একে হার নিশ্চিত বুঝে মানুষের সহমর্মিতা পাওয়ার পুরোনো পদ্ধতি হিসেবে অভিহিত করেছেন। পাল্টাপাল্টি এই রাজনৈতিক তরজায় চোপড়ার নির্বাচনি আবহাওয়া এখন বেশ উত্তপ্ত।