ভোটের গাড়ি পেতে বাড়ছে ভাড়া, নির্বাচন কমিশনকে তালিকা পাঠাল পরিবহন দফতর

নির্বাচনের কাজে ব্যবহৃত বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধির দাবি মেনে নিয়ে অবশেষে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠাল রাজ্য পরিবহন দফতর। বেসরকারি বাস মালিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহন দফতরের প্রধান সচিব সৌমিত্র মোহন স্বাক্ষরিত এই চিঠিতে গাড়ির ভাড়ার নতুন তালিকা ও আনুষঙ্গিক খরচের বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
মূলত ভিন রাজ্যে নির্বাচনী কাজে ব্যবহৃত বাসের তুলনায় পশ্চিমবঙ্গের ভাড়া অনেকটাই কম ছিল। এই বৈষম্য দূর না হলে ভোট প্রক্রিয়ায় গাড়ি না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল বেসরকারি বাস মালিক সংগঠনগুলো। বারবার বৈঠকের পর পরিবহন দফতর ভাড়া বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে, যা নির্বাচন পরিচালনা প্রক্রিয়ায় বড় স্বস্তি নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।
অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির মতে, আগে বাসের দৈনিক ভাড়া ও কর্মীদের খোরাকি বাবদ যে অর্থ বরাদ্দ ছিল, তা বর্তমান পরিস্থিতির তুলনায় অপর্যাপ্ত। এবার ভাড়ার ওপর অতিরিক্ত ১০ শতাংশ বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল। অক্টোবর মাস থেকেই এই সংক্রান্ত আলাপ-আলোচনা চলার পর, পরিবহন দফতর কমিশনের কাছে এই নতুন প্রস্তাবিত হার পেশ করল।