ভোটের দিন কি অবশেষে ঠিক? জ্ঞানেশের বৈঠকের পর বড় ইঙ্গিত

পশ্চিমবঙ্গে দুই দিনের সফর শেষ করে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, রাজ্যের ২৯৪টি আসনের জন্য আগামী ১৫ মার্চের মধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কমিশন ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে একাধিক পর্যালোচনা বৈঠক সেরে ফেলেছে।
রাজ্যে এবার মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জন, যার মধ্যে নারী ভোটারের সংখ্যা ৩ কোটি ১৬ লক্ষের বেশি। মোট ৮০ হাজার ৭১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। গ্রামীণ এলাকায় ৬১ হাজার ১১টি এবং শহরাঞ্চলে ১৯ হাজার ৭০৮টি বুথ থাকছে। এছাড়া ১০০ শতাংশ ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে কড়া নজরদারি চালানো হবে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করেই ভোটের দফা নির্ধারণ করা হবে। বর্তমানে প্রায় ৫০ লক্ষ ভোটারের আবেদন বিচারাধীন রয়েছে, যা জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের পর সাপ্লিমেন্টারি তালিকায় যুক্ত হতে পারে। বিশেষ ভাবে সক্ষম এবং প্রবীণ ভোটারদের জন্য বুথ স্তরে বিশেষ সহায়তার ব্যবস্থা রাখা হচ্ছে বলেও কমিশন জানিয়েছে।