ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই নজিরবিহীন প্রশাসনিক সার্জারি নির্বাচন কমিশনের

২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। সোমবার মধ্যরাতের এক অভাবনীয় নির্দেশে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের মহানির্দেশককেও (ডিজিপি) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতেই কমিশনের এই কঠোর পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বর্তমান ডি়জি পীযূষ পাণ্ডের পরিবর্তে সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের জায়গায় দায়িত্ব পেয়েছেন আইপিএস অজয় নন্দ।
কমিশনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপকে ‘মধ্যরাতের ষড়যন্ত্র’ বলে তোপ দাগলেও, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন মুখ্যসচিব হিসেবে দুষ্মন্ত নারিওয়ালা এবং স্বরাষ্ট্রসচিব পদে সংঘমিত্রা ঘোষ দায়িত্ব গ্রহণ করেছেন। অপসারিত আধিকারিকরা ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলে সাফ জানিয়েছে কমিশন।