ভোটের ময়দানে এবার তুরুপের তাস টোটো চাঁচলের রাজপথে তৃণমূলের মস্ত বড় চমক

বিধানসভা নির্বাচনের আগে প্রচারে বড়সড় পরিবর্তন আনল চাঁচল ১ নম্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠন। রবিবার দুপুর থেকে শহরের অলিগলিতে অভিনব উপায়ে প্রচার শুরু করেছে শাসকদল। সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছাতে এবার কয়েক শ টোটোকে বেছে নেওয়া হয়েছে দলীয় প্রচারের মাধ্যম হিসেবে।
শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতকারী টোটোগুলিতে লাগানো হয়েছে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টার। নিত্যযাত্রীদের নজর কাড়তে এবং ভোটারদের দোরগোড়ায় পৌঁছাতে এই কৌশল ব্যাপক সাড়া ফেলেছে এলাকায়। ব্লক তৃণমূল সভাপতি শেখ আফসার আলি এবং শ্রমিক সংগঠনের সভাপতি অমিতেশ পান্ডের উপস্থিতিতে এই কর্মসূচি বিশেষ মাত্রা পায়।
নেতৃত্বের দাবি, ভোট যত এগোচ্ছে ততই সাধারণ মানুষের সমর্থন তৃণমূলের দিকে ঝুঁকছে। টোটোর মাধ্যমে এই নিরন্তর প্রচার আগামী দিনে প্রার্থীর জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেবে। আগামী কয়েক দিন শহরের প্রতিটি কোণে এই অভিনব প্রচার কর্মসূচি আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে ঘাসফুল শিবির।