ভোটের ময়দানে ছড়া-পাল্টা ছড়া: দক্ষিণ ২৪ পরগনায় দেওয়াল লিখনে জমজমাট রাজনৈতিক লড়াই

ভোটের ময়দানে ছড়া-পাল্টা ছড়া: দক্ষিণ ২৪ পরগনায় দেওয়াল লিখনে জমজমাট রাজনৈতিক লড়াই

নির্বাচন ঘোষণার আগে থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। তবে এবারের লড়াই কেবল জনসভা বা মিছিলে সীমাবদ্ধ নেই, তা সরাসরি উঠে এসেছে গ্রামের দেওয়ালে দেওয়ালে। শাসক ও বিরোধী—উভয় পক্ষই একে অপরকে বিঁধতে আশ্রয় নিয়েছে ব্যঙ্গাত্মক ছড়া ও কার্টুনের। প্রার্থীর নাম ঘোষণার আগেই দেওয়াল দখলের এই লড়াইয়ে সৃজনশীল বিদ্রুপ সাধারণ ভোটারদের মধ্যে বিশেষ কৌতূহল ও বিনোদনের খোরাক জোগাচ্ছে।

তৃণমূল কংগ্রেস যেমন লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথীর মতো সরকারি প্রকল্পকে হাতিয়ার করে দেওয়াল সাজিয়েছে, তেমনই বিজেপি ‘বাঁচতে চাই, বিজেপি তাই’ স্লোগান দিয়ে পাল্টা প্রচারে নেমেছে। তৃণমূল আবার সেই স্লোগানকেই ঘুরিয়ে লিখেছে, ‘বাঁচতে চাই, তাই বিজেপি তাড়াই’। অন্যদিকে, হিন্দুত্বের আবেগ উসকে দেওয়া পদ্ম শিবিরের কবিতার জবাবে ঘাসফুল শিবির ভোটার তালিকা সংশোধনের প্রসঙ্গ টেনে ছড়া কাটছে, ‘যতই করো এসআইআর, বাংলা ফের মমতার’।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কাদা ছোড়াছুড়ির মাঝে এই উদ্ভাবনী ছড়া ও দেওয়াল লিখন নির্বাচনী লড়াইকে এক অন্য মাত্রা দিয়েছে। রাজনৈতিক কচকচানি ছাপিয়ে এই সব রসাত্মক পঙক্তি পথচলতি মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। প্রার্থীর নাম চূড়ান্ত হলে এই প্রচারের ঝাঁঝ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। আপাতত ব্যঙ্গচিত্র আর ছড়ার লড়াইয়েই সরগরম জেলার অলিগলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *