ভোটের ময়দানে ছড়া-যুদ্ধ দেওয়াল লিখন থেকে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে রাজনৈতিক টিপ্পনি

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গলসি কেন্দ্র জুড়ে শুরু হয়েছে অভিনব প্রচার কৌশল। কাঁকসা, মানকর ও বুদবুদ এলাকায় রাজনৈতিক দলগুলি দেওয়াল লিখন ও ফেস্টুনে ছড়া এবং শ্লেষাত্মক কবিতার মাধ্যমে একে অপরকে আক্রমণ করছে। তৃণমূল কংগ্রেস যেমন সাধারণ জীবনযাপন ও উন্নয়নের বার্তাকে ছন্দে গেঁথেছে, তেমনই বিজেপি আরজি কর ও সন্দেশখালির প্রসঙ্গ টেনে পালটা আক্রমণ শানাচ্ছে। প্রবীণদের মতে, এই ছড়া-যুদ্ধ মূলত বাংলার দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ।
তৃণমূল প্রার্থী অলোককুমার মাঝির সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদামাটা জীবন বনাম প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে ছড়া লেখা হয়েছে। অন্যদিকে, বিজেপি প্রার্থী রাজু পাত্রের সমর্থনে কয়লা ও গরু পাচারের অভিযোগে বিদ্ধ করা হয়েছে শাসকদলকে। পিছিয়ে নেই বাম ও কংগ্রেস শিবিরও। সিপিএম প্রার্থী মণিমালা দাসের সমর্থনে ‘দুই ফুল’কে আক্রমণ করে চাকরি চুরির প্রসঙ্গ টানা হয়েছে। কংগ্রেস প্রার্থী দেবাশিস বিশ্বাসের সমর্থনে দেওয়াল লিখনে কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হয়েছে।
বর্তমানে এই প্রচার কেবল দেওয়ালে সীমাবদ্ধ নেই, স্মার্টফোনের স্ক্রিনেও সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও এবং প্যারোডির মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে প্রতিটি পক্ষ। গলসির এই নির্বাচনী লড়াইয়ে ডিজিটাল পোস্টার থেকে শুরু করে বিদ্রুপাত্মক ভিডিও এখন ভাইরালে তুঙ্গে। রাজনৈতিক নেতাদের মতে, সহজ ও সাবলীল ছড়ার মাধ্যমে দলের মূল স্লোগান সাধারণ ভোটারদের কাছে পৌঁছানো অনেক বেশি কার্যকর ও সহজসাধ্য হয়।