ভোটের ময়দানে পারদর্শিতার লড়াই রুটি সেঁকলেন কৈলাশ, মাটির কাজে হাত পাকালেন উমেশ

ভোটের ময়দানে পারদর্শিতার লড়াই রুটি সেঁকলেন কৈলাশ, মাটির কাজে হাত পাকালেন উমেশ

নির্বাচনী প্রচার তুঙ্গে উঠতেই হাওড়া ও বালিতে অভিনব কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। মঙ্গলবার বালির তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র স্থানীয় একটি দোকানে ঢুকে নিপুণ হাতে রুটি সেঁকে এলাকাবাসীকে তাক লাগিয়ে দেন। অন্যদিকে, উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রাই কুঁমোরপাড়ায় বসে দিব্যি তৈরি করেন মাটির পাত্র। তবে মাটির ভাঁড় তৈরি করতে গিয়ে চরম নাজেহাল হতে দেখা যায় অপর বিজেপি প্রার্থী সঞ্জয় সিংকে, যা নিয়ে ভোটারদের মধ্যে চলছে জোর চর্চা।

জনসংযোগের এই ভিন্নধর্মী লড়াই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বালিতে প্রচারে গতি বাড়াতে তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে রোড-শো করার পাশাপাশি সাধারণ মানুষের গৃহস্থালি কাজেও অংশ নিচ্ছেন। অন্যদিকে, বিজেপি প্রার্থীরা হিন্দিভাষী ভোটারদের লক্ষ্য করে নিকাশি ও স্থানীয় সমস্যাকে হাতিয়ার করে এগোচ্ছেন। প্রার্থীদের দাবি, সরাসরি সাধারণ মানুষের কাজে হাত দিয়ে তাদের জীবনের বাস্তব সমস্যাগুলো অনুধাবন করাই এই প্রচারের মূল লক্ষ্য।

ভোটের সমীকরণ আরও জটিল করে বালিতে কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। কয়েকশো কর্মী তৃণমূলে যোগ দেওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছে ঘাসফুল শিবির। সব মিলিয়ে বাজার করা, রান্না করা কিংবা সেলুনে সময় কাটানোর মতো বিচিত্র কৌশলে ভোটারদের কাছে পৌঁছানোর প্রতিযোগিতায় মেতেছেন প্রার্থীরা। এখন দেখার বিষয়, রুটি সেঁকা বা মাটির পাত্র গড়ার এই দক্ষতা ভোটের বাক্সে কতটা প্রতিফলন ঘটায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *