ভোটের মুখে অশান্তি রুখতে কড়া কমিশন, রাজ্যজুড়ে সব ধরনের জমায়েত ও মিছিলে নিষেধাজ্ঞা

ভোটের মুখে অশান্তি রুখতে কড়া কমিশন, রাজ্যজুড়ে সব ধরনের জমায়েত ও মিছিলে নিষেধাজ্ঞা

নির্বাচনী আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রমবর্ধমান অশান্তি ও বিশৃঙ্খলা দমনে কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে অনুমতিহীন যেকোনো ধরনের সভা, মিছিল বা জমায়েতের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে। এমনকি মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তরে যাওয়ার ক্ষেত্রেও এখন থেকে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি কলকাতার সিইও দপ্তরের সামনে বিক্ষোভ এবং মালদহের কালিয়াচকে বিচারকদের আটকে রাখার মতো নজিরবিহীন ঘটনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। গত মঙ্গলবার বিএলও-দের বিক্ষোভ এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ধস্তাধস্তির জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এমনকি ব্যারিকেড ভেঙে দপ্তরে প্রবেশের চেষ্টার ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উচ্চপর্যায়ের বৈঠক করেন এবং এরপরই এই কড়া নির্দেশিকা জারি করা হয়।

বিক্ষোভকারীদের পাশাপাশি বিএলও রক্ষা কমিটি মঞ্চকেও কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, অনুমতি ছাড়া মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখানোর চেষ্টা করলে সংশ্লিষ্ট কর্মীদের তৎক্ষণাৎ সাসপেনশন নোটিশ পাঠানো হবে। মালদহের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে কমিশন। ভোটের প্রাক্কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই কমিশন এই কঠোর অবস্থান গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *