ভোটের মুখে উত্তপ্ত বেহালা, তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর কমিশনের

ভোটের মুখে উত্তপ্ত বেহালা, তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর কমিশনের

বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠল। সোমবার সকালে পর্ণশ্রী থানায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন। মূলত এলাকায় অশান্তি ছড়ানো এবং নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে কমিশনের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রত্না চট্টোপাধ্যায় ছাড়াও আরও ছয়জন তৃণমূল কর্মীর নাম রয়েছে এই অভিযোগে।

ঘটনার সূত্রপাত গত রবিবার দুপুরে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, পর্ণশ্রী এলাকায় তাদের দলীয় কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ অনুযায়ী, তৃণমূল প্রার্থীর নেতৃত্বে কর্মীরা কার্যালয়ের ভেতরে থাকা পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেন। এই ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এনেছে গেরুয়া শিবির। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রবিবার রাতেই পর্ণশ্রী থানা ঘেরাও করেন বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ ও তাঁর সমর্থকরা।

বিজেপির এই বিক্ষোভের পালটা হিসেবে থানায় পৌঁছান রত্না চট্টোপাধ্যায়ও। তাঁর দাবি, বিজেপি কর্মীরাই উলটে তৃণমূলের পোস্টার ছিঁড়ে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে। তিনিও বিজেপির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। দীর্ঘক্ষণ ধরে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় এবং হাতাহাতির জেরে রণক্ষেত্রের চেহারা নেয় পর্ণশ্রী এলাকা। তবে ভাঙচুরের সময় রত্না চট্টোপাধ্যায় নিজে সেখানে উপস্থিত ছিলেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

পরিস্থিতি পর্যালোচনা করে সোমবার সকালে নির্বাচন কমিশন কঠোর অবস্থান নেয়। ভাঙচুর এবং এলাকায় অশান্তি উসকে দেওয়ার অভিযোগে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়। কমিশনের এই পদক্ষেপে ভোটের আগে বেহালা পশ্চিম কেন্দ্রে রাজনৈতিক চাপানউতোর আরও বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রত্না চট্টোপাধ্যায় বেহালা পূর্বের বিদায়ী বিধায়ক হলেও এবার তাঁকে বেহালা পশ্চিমে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। এই কেন্দ্রে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির ইন্দ্রনীল খাঁ এবং সিপিআইএমের নিহার ভক্ত। আগামী ২৯ এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে প্রার্থীর বিরুদ্ধে সরাসরি কমিশনের এই এফআইআর জনমানসে এবং রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *