ভোটের মুখে উত্তপ্ত ভাঙর: আইএসএফ কর্মীর বাড়ি থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের অশান্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙর। উত্তর কাশীপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বানিয়ারা গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। নতুন থানার উদ্বোধনের ঠিক আগের রাতে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, সামিম খাঁন নামে এক স্থানীয় আইএসএফ কর্মীর বাড়িতে তল্লাশি চালিয়ে ২৮টি তাজা শক্তিশালী বোমা এবং একটি ওয়ান শটার বন্দুক পাওয়া গেছে। নির্বাচনের আগে বড়সড় নাশকতার ছক কষতেই এই অস্ত্রশস্ত্র মজুত করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।
বর্তমানে বানিয়ারা ও সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি থাকলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভোটের মুখে এই ঘটনায় অঞ্চলের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে।