ভোটের মুখে উত্তপ্ত মেখলিগঞ্জ, নাকা চেকিংয়ে গাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ভোটের আবহে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। এই তৎপরতার মধ্যেই রবিবার সকালে কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা বাইপাস সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলাকালীন উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল। সেই সময় একটি সন্দেহভাজন ছোট চার চাকার গাড়িকে থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ছ’টি দেশি পিস্তল ও ২০ রাউন্ড তাজা কার্তুজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মণিরুল ইসলাম ও সামিম রহমান নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃতরা শিলিগুড়ি থেকে দিনহাটার দিকে যাচ্ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজ ইতিমধ্যেই জেলা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই আগ্নেয়াস্ত্রের বৈধ কোনো নথি দেখাতে না পারায় তাদের হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, নির্বাচনের ঠিক আগে এলাকায় আতঙ্ক ছড়াতে বা কোনো বড়সড় অশান্তি পাকানোর উদ্দেশ্যেই এই অস্ত্রগুলি পাচার করা হচ্ছিল।
উল্লেখ্য, নির্বাচনী বিধি লাগু হওয়ার পর থেকেই মেখলিগঞ্জ ও সংলগ্ন এলাকায় কড়া নজরদারি চলছে। গত ২৩ মার্চ কোচবিহারে এমনই এক নাকা চেকিংয়ে একটি গাড়ির ডিকি থেকে ব্যাগ ভর্তি প্রায় ১ লক্ষ ৭২ হাজার টাকা উদ্ধার করেছিল পুলিশ। আজকের এই অস্ত্র উদ্ধারের ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে, সেই বিষয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা পাচার রুখতে নাকা তল্লাশি আরও জোরদার করা হয়েছে।