ভোটের মুখে এসআইআর জটিলতা, সুপ্রিম কোর্টে বিড়ম্বনায় তৃণমূল

ভোটের মুখে এসআইআর জটিলতা, সুপ্রিম কোর্টে বিড়ম্বনায় তৃণমূল

পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়া ও ভোটার তালিকা নিয়ে সৃষ্ট জটিলতা গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন তৃণমূলের পক্ষ থেকে আইনজীবী শ্যাম দিওয়ান ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিড়ম্বনার কথা তুলে ধরেন। জানানো হয়, বিচারাধীন তালিকায় থাকায় ১৪ জন প্রার্থী আগামী ৬ এপ্রিল মনোনয়ন জমা দিতে পারছেন না। অন্যদিকে, সোমবার রাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলেও সাধারণ মানুষ তা দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শুনানি চলাকালীন প্রধান বিচারপতি মন্তব্য করেন যে, একমাত্র পশ্চিমবঙ্গেই এই প্রক্রিয়ায় সমস্যা দেখা দিয়েছে, যেখানে অন্য রাজ্যগুলিতে তা মসৃণভাবে সম্পন্ন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দেন, প্রশাসনিক স্তরে অসংগতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। উল্লেখ্য, প্রথম দফার ভোটের মনোনয়ন জমার সময়সীমা এগিয়ে আসায়, বিচারাধীন তালিকায় থাকা ব্যক্তিদের পুরনো তালিকার ভিত্তিতে ভোটদানের অধিকার দেওয়ার আর্জি জানানো হয়েছে। আদালত জানিয়েছে, সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলি প্রয়োজনে অ্যাডজুডিকেটিং অফিসারের কাছে আবেদন করতে পারে।

নির্বাচন কমিশনের আইনজীবী ডি এস নাইডু আদালতকে আশ্বস্ত করে জানান, মামলা নিষ্পত্তি হলে প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা সম্ভব। বিচারপতি জয়মাল্য বাগচী কমিশনকে নির্দেশ দেন, যেসব কেন্দ্রে আগে ভোট রয়েছে সেখানকার সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে। আদালত জানিয়েছে, ভোটার তালিকা ‘ফ্রিজ’ করার সময়সীমা বাড়ানোর বিষয়টি বিবেচনাধীন রাখা হচ্ছে। বিচার বিভাগীয় কর্মকর্তাদের ওপর কাজের চাপের কথা উল্লেখ করে আদালত আগামী ১ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *