ভোটের মুখে কড়া নির্বাচন কমিশন, একাধিক সংস্থাকে তীব্র ভর্ৎসনা

ভোটের মুখে কড়া নির্বাচন কমিশন, একাধিক সংস্থাকে তীব্র ভর্ৎসনা

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের ফুলবেঞ্চ। সোমবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলির সঙ্গে আলোচনায় বসেন কমিশনার। বৈঠকে কাজে গাফিলতির অভিযোগে রিজার্ভ ব্যাঙ্ক, বিমানবন্দর কর্তৃপক্ষ, আবগারি এবং মাদক নিয়ন্ত্রণ সংস্থার (নার্কোটিক্স) আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করে কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কোনো স্তরেই যে শিথিলতা বরদাস্ত করা হবে না, তা এদিন স্পষ্ট করে দেওয়া হয়েছে।

আবগারি দপ্তরকে মদের উৎপাদন ও সীমান্ত এলাকায় কারবার নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি, রাজ্যে কেন এখনও ‘নারকোটিক অ্যাডভাইজারি বোর্ড’ গঠিত হয়নি, তা নিয়েও উষ্মা প্রকাশ করেন কমিশনার। বিমানবন্দর দিয়ে বেআইনি লেনদেনের রিপোর্ট না মেলায় বিমানবন্দর কর্তৃপক্ষকেও ভর্ৎসনা করা হয়। একইসঙ্গে বেআইনি অর্থ উদ্ধারে রিজার্ভ ব্যাঙ্কের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ফুলবেঞ্চ। অবিলম্বে এই সমস্ত বিষয়ে বিশদ তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, দায়িত্ব পালনে কোনো রকম ইচ্ছাকৃত গরমিল বা গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, কর্তব্য পালনে ব্যর্থ হলে আইনি পরিণতির বিষয়েও সতর্ক করা হয়েছে। মূলত আর্থিক লেনদেন, মাদক পাচার ও মদের অপব্যবহার রুখে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য। কেন্দ্র ও রাজ্যের সমস্ত এজেন্সিকে এখন থেকেই সমন্বয় বজায় রেখে সক্রিয় হওয়ার কড়া বার্তা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *