ভোটের মুখে ট্রাইব্যুনাল গঠনের তোড়জোড় শুরু করতে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের সিইও

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই প্রশাসনিক ও আইনি প্রস্তুতি তুঙ্গে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে বাতিল হওয়া কয়েক লক্ষ আবেদনের দ্রুত নিষ্পত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিশেষ ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল’ গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে। এই ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে আলোচনার লক্ষ্যে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকায় নাম তোলার আবেদন বাতিল হওয়া সংক্রান্ত বিপুল সংখ্যক আপিল নিষ্পত্তির জন্য একজন প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে এই বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, বিচারবিভাগীয় অফিসারদের ওপর কাজের চাপ কমাতে এবং আইনি জটিলতা দ্রুত কাটাতে এই পদক্ষেপ জরুরি। ট্রাইব্যুনালের যাবতীয় খরচ বহন করবে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে কতজন সদস্য থাকবেন এবং কারা দায়িত্ব পাবেন, সেই বিষয়েই প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করবেন সিইও।
পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আরও সক্রিয় হচ্ছে কমিশন। বৃহস্পতিবার ও শুক্রবার দুটি পৃথক ভার্চুয়াল বৈঠকে বসছেন উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীসহ কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্যের ২৫টি এনফোর্সমেন্ট এজেন্সির পাশাপাশি ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিনিধিদেরও এই বৈঠকে তলব করা হয়েছে। নির্বাচনের সময় আর্থিক লেনদেনে নজরদারি এবং প্রশাসনিক তৎপরতা বাড়াতেই এই বিশেষ পর্যালোচনার আয়োজন করা হয়েছে। যদিও ফুল বেঞ্চের সফরের পর রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশন এখনই বড় কোনো উদ্বেগের কারণ দেখছে না, তবে প্রস্তুতির খামতি রাখতে নারাজ নির্বাচন সদন।