ভোটের মুখে ডিপফেক রুখতে রণংদেহি সিআইডি, ভুয়ো ভিডিও ছড়ালেই এবার সরাসরি এফআইআর
নির্বাচনী বৈতরণী পার হতে প্রতিপক্ষের বিরুদ্ধে ‘ডিপফেক’ বা ভুয়ো ভিডিও ছড়িয়ে জনমত প্রভাবিত করার দিন শেষ। এবার থেকে এই ধরনের সাইবার অপরাধ রুখতে সরাসরি ময়দানে নামছে সিআইডি। এতদিন জেলা পুলিশ বা স্থানীয় থানায় অভিযোগ দায়ের হলেও, এখন থেকে সরাসরি ভবানী ভবনের সাইবার ক্রাইম থানায় এফআইআর রুজু করা হবে। প্রয়োজনে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করবে।
এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রাজনৈতিক নেতাদের পুরনো ভিডিও বিকৃত করার প্রবণতা বাড়ছে। এতে জনমনে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কাও থাকে। এই পরিস্থিতি মোকাবিলায় কড়া অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন। ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞদের সহায়তায় ভিডিওর উৎস এবং আইপি লগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেবে সিআইডি। সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর কাছ থেকেও প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, মতপ্রকাশের স্বাধীনতার নামে প্রযুক্তি-নির্ভর অপপ্রচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না।