ভোটের মুখে তপ্ত শহর! সল্টলেক থেকে এয়ারপোর্ট পুলিশের জালে আগ্নেয়াস্ত্রসহ ৪ দুষ্কৃতী

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচনের আগে অশান্তি রুখতে শহর ও শহরতলিতে কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন। নাকা চেকিং ও বিশেষ অভিযানে নেমে বিধাননগর পুলিশের হাতে ধরা পড়ল চার দুষ্কৃতী। সল্টলেক, নারায়ণপুর, এয়ারপোর্ট এবং নিউটাউন এলাকা থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।
পুলিশ সূত্রে খবর, গত সোমবার রাতে টহল দেওয়ার সময় সল্টলেক থেকে মহম্মদ সোনু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তার কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। একই দিনে এয়ারপোর্ট থানার পুলিশ নাকা চেকিংয়ের সময় শেখ নাজিম নামে এক যুবককে ধরে। তল্লাশিতে তার কাছেও একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ মেলে।
অন্যদিকে, রবিবার রাতে ইকোপার্ক থানার পুলিশ সাজিদ আলি নামে একজনকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ। এর আগে শনিবার নারায়ণপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়ে শেখ ফিরোজ নামে আরও এক দুষ্কৃতী। তার কাছ থেকেও একটি দেশি পিস্তল ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
নির্বাচনের আগে কলকাতায় অপরাধীদের দৌরাত্ম্য কমাতে তৎপর হয়েছে এসটিএফ। বহিরাগত কেউ যাতে অশান্তি ছড়াতে না পারে, সেজন্য রাতভর চলছে বিশেষ নাকা চেকিং। মূলত বেআইনি অস্ত্রের কারবার রুখতেই এই সক্রিয়তা বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।