ভোটের মুখে বাঁকুড়ায় বড় ধাক্কা খেল বিজেপি তৃণমূলের পতাকা হাতে নিলেন সুধাংশু হাঁসদা
March 30, 202611:46 am

বাঁকুড়ার রাজনৈতিক সমীকরণে বড়সড় ওলটপালট ঘটিয়ে তৃণমূলে যোগ দিলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাইপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা দলের জেলা সম্পাদক সুধাংশু হাঁসদা। রাইপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা শুরুর ঠিক আগেই নাটকীয়ভাবে শাসকদলে নাম লেখালেন তিনি। তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর হাত থেকে ঘাসফুল শিবিরের পতাকা তুলে নেন এই হেভিওয়েট নেতা।
ভোটের দামামা বাজার মুখে এই দলবদল গেরুয়া শিবিরের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে, রাইপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রভাবশালী এই নেতার প্রস্থান বাঁকুড়ার সাংগঠনিক শক্তিতে ফাটল ধরাবে। মুখ্যমন্ত্রী সভাস্থলে পৌঁছানোর মুহূর্তে এই যোগদানের ঘটনা স্বাভাবিকভাবেই জেলা রাজনীতিতে চাঞ্চল্য তৈরি করেছে এবং তৃণমূলের পালে বাড়তি হাওয়া জোগাবে বলে মনে করা হচ্ছে।