ভোটের মুখে বাংলায় বড় জালিয়াতির ছক? সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে ভোটার তালিকায় কারচুপির মারাত্মক অভিযোগ

কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকায় বড়সড় কারচুপির অভিযোগ তুলে সরাসরি নির্বাচন কমিশনের দরবারে হাজির হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে তিনি দাবি করেন, নিয়ম বহির্ভূতভাবে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০ হাজার ‘ফর্ম-৬’ জমা করা হয়েছে সিইও অফিসে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এক বিজেপি নেতার প্রতিনিধি বস্তাভর্তি ফর্ম জমা দিয়ে গিয়েছেন, যা সুপ্রিম কোর্টের গাইডলাইনের পরিপন্থী। তিনি বলেন, “উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের বাসিন্দাদের নাম জোর করে বাংলার ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা চলছে। যারা গত বিহার নির্বাচনেও ভোট দিয়েছেন, তাদের নাম এখানে তোলার ষড়যন্ত্র হচ্ছে।”
অভিষেক আরও দাবি করেন, এক কেন্দ্রীয় বিজেপি নেতা সিইও-কে ক্রমাগত চাপ দিচ্ছেন এই ফর্মগুলি গ্রহণ করার জন্য। ঘটনার স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের সিসিটিভি ফুটেজ জনসমক্ষে আনার দাবিও জানান তিনি। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচন কমিশনের মদতেই বাংলার ডেমোগ্রাফি বদলে দেওয়ার এই নীল নকশা তৈরি হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে কমিশন বা বিজেপির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভোটের আগে ভোটার তালিকা নিয়ে এই সংঘাত যে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল, তা বলাই বাহুল্য।