ভোটের মুখে মালদহে তোলপাড়! প্রাক্তন বিধায়কের গাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মালদহ
নির্বাচনের আগে ফের উত্তপ্ত মালদহ। শনিবার রাতে ওল্ড মালদহের চেঁচুমোড় এলাকায় নাকা তল্লাশির সময় মানিকচকের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহ-সভাপতি মোত্তাকিন আলমের গাড়ি থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গাড়িতে থাকা ছয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ১২ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চলাকালীন পান্ডুয়াগামী ওই গাড়িটি আটকানো হয়। তল্লাশিতে আগ্নেয়াস্ত্র মিললেও ধৃতরা তার স্বপক্ষে কোনো বৈধ নথি দেখাতে পারেননি। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ ঘটনার নেপথ্যে নাশকতার অভিসন্ধি রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
পাল্টা যুক্তিতে অস্বস্তিতে থাকা কংগ্রেস নেতৃত্বের দাবি, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি প্রাক্তন বিধায়কের লাইসেন্সপ্রাপ্ত। ইদের ব্যস্ততায় তিনি গাড়ি থেকে সেটি সরাতে ভুলে গিয়েছিলেন এবং তাঁর আত্মীয়রা সেই গাড়ি নিয়েই বের হয়েছিলেন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।