ভোটের মুখে রাজ্যে বড়সড় রদবদল: একাধিক জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ করল কমিশন

আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে পশ্চিমবঙ্গে ফের বড়সড় প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বারাসাত, কোচবিহার, বীরভূম, ইসলামপুর, হুগলি গ্রামীণ এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলায় নতুন এসপি নিয়োগ করা হয়েছে। এছাড়া কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের ডিসি এবং পশ্চিম মেদিনীপুরের এসপি পদেও নতুন মুখ আনা হয়েছে। সুষ্ঠুভাবে ভোট পরিচালনার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন।
এর আগে সোমবারও পুলিশ প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল। রাজ্যের নতুন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজি) পদে সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতা পুলিশের কমিশনার হিসেবে অজয় কুমার নন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কারাদপ্তরের ডিজি এবং আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ পদেও অভিজ্ঞ আধিকারিকদের নিয়োগ করা হয়েছে। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে এই কড়া নজরদারি চালাচ্ছে কমিশন।
রবিবার পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী, বাংলায় ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হবে। কেরালা, তামিলনাড়ু, আসাম এবং পুদুচেরিতেও এপ্রিলের বিভিন্ন তারিখে ভোট হবে। সমস্ত রাজ্যের ভোটগণনা আগামী ৪ মে অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।