ভোটের মুখে শান্তিপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল তুঙ্গে, অপসারিত মণ্ডল সভাপতি

নদিয়ার শান্তিপুরে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বিজেপির অভ্যন্তরীণ কলহ প্রকাশ্যে এল। শান্তিপুর ২ নম্বর মণ্ডল সভাপতি তথা বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য গৌরাঙ্গ বিশ্বাসকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিনের দলীয় বিবাদ এবং নির্বাচন কমিটি গঠন নিয়ে স্থানীয় নেতাদের সাথে মতবিরোধের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
অপসারিত নেতা গৌরাঙ্গ বিশ্বাসের অভিযোগ, দায়িত্ব পাওয়ার পর থেকেই দলের একাংশ তাঁকে কাজ করতে বাধা দিচ্ছিল। এমনকি গত ১০ মার্চ তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ার পর, আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সময় না দিয়েই ১৩ মার্চ তাঁকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় দলের ভাবমূর্তি ও ভোটব্যাঙ্কে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছে রাজনৈতিক মহলের একাংশ।
এই সাংগঠনিক রদবদলকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি নেতৃত্ব বিষয়টি নিয়ে নীরব থাকলেও তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি। শাসক শিবিরের দাবি, গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির মজ্জাগত সমস্যা যা ভোটের আগে আবারও প্রমাণিত হলো। সব মিলিয়ে নির্বাচনের আগে শান্তিপুরের পদ্ম শিবিরে অস্বস্তি চরমে।