ভোটের মুখে সক্রিয় নির্বাচন কমিশন: ৩৬ লক্ষ আবেদনের নিষ্পত্তি, বাসন্তীকাণ্ডে রিপোর্ট তলব

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে তৎপরতা বাড়াল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার জানানো হয়েছে, এসআইআর তালিকার প্রায় ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে এ পর্যন্ত ৩৬ লক্ষের নিষ্পত্তি করা হয়েছে। আদালতের নির্দেশ মেলা মাত্রই শুক্রবার দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করা হতে পারে। পাশাপাশি, নিউটাউনের জুডিশিয়াল অ্যাকাডেমিতে অ্যাপিলেট ট্রাইবুনাল গঠনের সম্ভাবনা খতিয়ে দেখতে শীঘ্রই পরিদর্শনে যাবেন উচ্চপদস্থ আধিকারিকরা।
অন্যদিকে, বাসন্তীতে বিজেপি প্রার্থীর প্রচারে বাধা ও সংঘর্ষের ঘটনায় কড়া অবস্থান নিয়েছে কমিশন। এলাকায় কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন অতিরিক্ত বাহিনী ডাকতে হলো এবং গোয়েন্দা তথ্যে কী ঘাটতি ছিল, তা নিয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। এই ঘটনায় ইতিমদ্যেই ৮ জনকে আটক করেছে পুলিশ। অনুমতিহীন মিছিল রুখতে না পারার কারণ নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন।
এছাড়া, চারজন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগের প্রেক্ষিতেও অবস্থান স্পষ্ট করেছে কমিশন। জানানো হয়েছে, এই নিয়োগ সরাসরি জাতীয় নির্বাচন কমিশন করেছে, তাই অভিযোগটি কেন্দ্রীয় দপ্তরেই পাঠানো হয়েছে। সব মিলিয়ে, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে একাধিক ইস্যুতে বর্তমানে কঠোর নজরদারি চালাচ্ছে কমিশন।