ভোটের রণকৌশলে বড় বদল: এবার থানায় থানায় হানা দেবেন পুলিশ পর্যবেক্ষকরা

রাজ্যে অবাধ ও হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এবার সরাসরি বিভিন্ন থানায় গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন ভিন রাজ্য থেকে আসা পুলিশ পর্যবেক্ষকরা। মূলত বুথ জ্যাম, ছাপ্পা ভোট এবং ভোটারদের ভয় দেখানোর মতো অভিযোগ রুখতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার থেকেই বিভিন্ন বুথ পরিদর্শন শুরু করেছেন ভিন রাজ্যের আইপিএস অফিসাররা।
থানা পরিদর্শনের সময় পর্যবেক্ষকরা নির্দিষ্ট এলাকার ‘ট্রাবল মঙ্গার’ বা গোলমালের ইতিহাস থাকা ব্যক্তিদের তালিকা যাচাই করবেন। বিশেষ করে বিগত নির্বাচনগুলোতে যাঁদের বিরুদ্ধে অশান্তি সৃষ্টির অভিযোগ ছিল, তাঁদের বর্তমান অবস্থান এবং কতজন পলাতক রয়েছেন, সেই হিসাব তলব করা হবে। এছাড়া, জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা থাকা ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের ভূমিকা নিয়েও কড়া নজরদারি চালাবেন তাঁরা।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই পুলিশ সুপার ও কমিশনারদের ছয় দফা নির্দেশিকা পাঠানো হয়েছে। প্রতিটি থানার ওসি ও আইসি-দের স্পষ্ট জানানো হয়েছে, শান্তি রক্ষায় কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। রাজনৈতিক হিংসা কবলিত এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা প্ল্যান সাজানোর পাশাপাশি স্পর্শকাতর বুথগুলোতে বাড়তি নজরদারির ব্যবস্থা করছেন পুলিশ পর্যবেক্ষকরা।