ভোট ঘোষণার মুখে পুলিশে বড় রদবদল, একযোগে ২৭টি থানায় আইসি ও সিআই বদলি

ভোট ঘোষণার মুখে পুলিশে বড় রদবদল, একযোগে ২৭টি থানায় আইসি ও সিআই বদলি

রাজ্যে আসন্ন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করল নবান্ন। রবিবার নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনের কয়েক ঘণ্টা আগে এক বিজ্ঞপ্তিতে রাজ্যের বিভিন্ন জেলার ২৭টি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। এই তালিকায় একাধিক থানার ইন্সপেক্টর ইন চার্জ (আইসি) এবং সার্কেল ইন্সপেক্টর (সিআই) পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন। আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার ঠিক আগে এই প্রশাসনিক পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিধাননগর, ব্যারাকপুর ও চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনে থাকা একাধিক থানার আইসি পদে বদল আনা হয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, রামপুরহাট এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলাতেও রদবদল ঘটেছে। শুধু থানা নয়, রাজ্য গোয়েন্দা বিভাগ (আইবি) এবং সিআইডির ইন্সপেক্টর পদেও পরিবর্তন করা হয়েছে। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের প্রস্তুতি ও প্রশাসনিক কাজের গতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই পুলিশ প্রশাসনের শীর্ষস্তরের ১৩টি পদে বড়সড় পরিবর্তন করা হয়েছিল। সে সময় হাওড়ার জয়েন্ট সিপি, ওয়েস্টার্ন জোনের এডিজি এবং মুর্শিদাবাদ ও জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদে নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়। পুলিশের দাবি, ভোটের আগে এটি একটি রুটিন প্রক্রিয়া। প্রশাসনের এই রদবদল নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যেই করা হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *