ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া কমিশন, বিপাকে অভিযুক্ত পুলিশ কর্তারা

২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় তৎকালীন পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে এবার নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া হিংসার ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসি ও তাঁদের ঊর্ধ্বতন কর্তাদের বিরুদ্ধে রাজ্য সরকার ঠিক কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়ে জরুরি রিপোর্ট তলব করা হয়েছে।
রাজ্য পুলিশের সূত্র মারফত জানা যাচ্ছে, জাতীয় নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই বিষয়টি খতিয়ে দেখছে। বিশেষ করে কলকাতার নারকেলডাঙা, চিৎপুর, কাশীপুর, ঠাকুরপুকুর, যাদবপুর, বড়তলা ও বেলেঘাটার মতো থানা এলাকায় যেখানে হিংসার গুরুতর অভিযোগ উঠেছিল, সেখানকার তৎকালীন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের তালিকা তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি পুরুলিয়া, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ির মতো জেলাগুলোর রিপোর্টও খতিয়ে দেখছে কমিশন।
উল্লেখ্য, নারকেলডাঙায় এক যুবক খুনের ঘটনায় সিবিআই ইতিপূর্বেই তৎকালীন ওসি ও এক মহিলা এসআই-সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। রাজ্যের গঠিত ‘সিট’ তদন্ত চালিয়ে গেলেও অধিকাংশ ক্ষেত্রে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কোনও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। নবান্ন সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কমিশন সেই সমস্ত পুলিশ আধিকারিকদের চিহ্নিত করে সরাসরি নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দিতে পারে। তাঁদের ভোটের সঙ্গে সম্পর্কহীন বা কম গুরুত্বপূর্ণ পদে বদলি করার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। কমিশনের এই কড়া অবস্থানে বর্তমানে পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।