ভোট বয়কটের হুমকিতেই কাজ, মেমারিতে দীর্ঘ প্রতীক্ষিত সেতুর শিলান্যাস

পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের দিলালপুরে ডিভিসি সেচ খালের ওপর অবশেষে নতুন লোহার সেতু তৈরির কাজ শুরু হলো। বাম আমলে নির্মিত জরাজীর্ণ কাঠের সেতুটি গত ১৩ বছর ধরে বিপজ্জনক অবস্থায় পড়েছিল। সংস্কারের দাবিতে বারবার সরব হলেও কাজ না হওয়ায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দিলালপুরসহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়েছিলেন।
বুধবার প্রকল্পের শিলান্যাস করেন তৃণমূল সাংসদ ডাঃ শর্মিলা সরকার। তাঁর নিজস্ব তহবিল থেকে এই কাজের জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে গ্রামবাসীদের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয়েছিল সাংসদকে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আশঙ্কার মাঝেই এই উন্নয়নমূলক পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে সাংসদ এলাকাবাসীকে পুরনো তিক্ততা ভুলে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের আবেদন জানান। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় ও বিডিও শতরুপা দাস। তবে এই তৎপরতাকে কটাক্ষ করেছে বিজেপি। বিরোধী শিবিরের দাবি, বিধানসভা নির্বাচনে হার নিশ্চিত বুঝেই ভোটব্যাংক রক্ষায় তড়িঘড়ি এই শিলান্যাস সারল শাসক দল।