ভোট যুদ্ধের শুরুতেই মমতার ঝোড়ো ব্যাটিং, প্রথম ১৫ দিনেই কি কুপোকাত বিরোধীরা?

কলকাতা
রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজনীতির ময়দানে তুফান তুলেছে তৃণমূল কংগ্রেস। ভোট ঘোষণার মাত্র ১৫ দিন কাটতে না কাটতেই প্রচারের নিরিখে বিরোধীদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছে ঘাসফুল শিবির। রাজনৈতিক মহলের মতে, বিজেপি, বাম বা কংগ্রেসের তুলনায় অনেক বেশি সংগঠিত এবং আক্রমণাত্মক মেজাজে রয়েছে রাজ্যের শাসক দল।
বিজেপি এখনও সব আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি। অন্যদিকে বাম-কংগ্রেস জোটের প্রচার মূলত ঘরোয়া বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ। ঠিক এই জায়গাতেই বাজিমাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই উত্তর থেকে দক্ষিণ—রাজ্যের বিভিন্ন প্রান্তে ৩০টিরও বেশি জনসভা সেরে ফেলেছেন তাঁরা।
তৃণমূলের এই সাফল্যের নেপথ্যে রয়েছে দ্রুত নির্বাচনী ইস্তাহার প্রকাশ এবং গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। নতুন প্রচারমূলক গান এবং ‘দশ প্রতিজ্ঞা’র ঘোষণায় সরগরম সোশ্যাল মিডিয়া থেকে চায়ের দোকান। বিপরীতে, নরেন্দ্র মোদি বা অমিত শাহের মতো হেভিওয়েট নেতাদের বড় কোনো সভা এখনও না হওয়ায় গেরুয়া শিবিরের রণকৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্বাচনের এই প্রাথমিক পর্বে তৃণমূলের এই ‘ঝড়’ শেষ পর্যন্ত ব্যালট বক্সে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।