মঙ্গলবারেও কি ভিজবে দক্ষিণবঙ্গ? কালবৈশাখী নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

সোমবার রাতের কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। ঝড়ের দাপটে উপড়েছে গাছ, সেই সঙ্গে চলেছে মুষলধারে বৃষ্টি। তবে এই অকাল বর্ষণে গত কয়েকদিনের অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি মিলেছে জনজীবনে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝড়ের প্রভাবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় প্রায় ২.৫ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে।
আজ মঙ্গলবারও কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবারের মতো তীব্রতা না থাকলেও আজ হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার বেশ কিছু এলাকায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবারও রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।